কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় মামলা দায়েরের পর ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা রহিমা আক্তার দেবিদ্বার থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, গত ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিটে ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর মধ্যপাড়া এলাকায় তার সন্তান বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী যুবক শাহ আলী (১৯) চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে পাশের একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক বলাৎকার করে। কিছু সময় পর শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
রহিমা আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি সন্তান নিয়ে একা বসবাস করছেন। এই দুর্বলতার সুযোগ নিয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি ও হয়রানি করে আসছিল। তিনি বলেন, “আমি মামলা করার পর থেকে তারা আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে, যেন মামলা তুলে নিই। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইনুদ্দিন বলেন, “মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, শিশুর প্রতি এমন পাশবিক নির্যাতন এবং পরবর্তীতে হুমকির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :