মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি “আই হ্যাভ অ্যা ড্রিম” স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে লাখো জনতার সামনে ঘোষণা করেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান।”
তিনি বলেন, “দেশ পুনর্গঠনে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। আর এই লক্ষ্য অর্জনে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে।”
তারেক রহমান বলেন, “৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমনি সর্বস্তরের মানুষ মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজ বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চায়।”
তিনি আরও বলেন, “আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। পাহাড়, সমতল, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাইকে নিয়ে আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী, পুরুষ, শিশু—যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে।”
তারেক রহমান ওসমান হাদিকে শহীদ হিসেবে উল্লেখ করে বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১-এর শহীদদের মতো, ২০২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে উল্লেখ করে তিনি বলেন, “গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তুলতে হবে। আমরা দেশের শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।”
বেলা ৩টা ৫০ মিনিটে লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান। ৩টা ৫৭ মিনিটে মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন তিনি। শুরুতেই বলেন, “প্রিয় বাংলাদেশ।”
মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।

অনলাইন ডেস্ক :