প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বেকার ভাতা নয়, যুবকের হাতে কাজ চান জামায়াত আমীর

অনলাইন ডেস্ক :

“বেকার ভাতা নয়, প্রতিটি যুবকের হাতে কাজ তুলে দিতে চাই”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫-এ সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, “যুবকদের বেকার ভাতা দেওয়ার ধারণায় আমরা বিশ্বাসী নই। আমরা চাই, প্রতিটি যুবক দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠুক, যাতে একজন যুবকও বেকার না থাকে।”

 

ছাত্রশিবির প্রসঙ্গে তিনি বলেন, “এটি এখন আর কেবল একটি ছাত্রসংগঠন নয়; বরং ২০২৪–পরবর্তী বাস্তবতায় এটি কার্যত বাংলাদেশের ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব পেয়েছে। শিক্ষাঙ্গনগুলোকে চরিত্র গঠন, নৈতিকতা, আধুনিক জ্ঞান ও গবেষণার কেন্দ্রে পরিণত করতে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

 

তিনি শহীদদের স্মরণ করে বলেন, “আজকের বাংলাদেশ পেতে ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। আব্দুল মালেক থেকে শরিফ উসমান হানি—অনেকে এই দেশের জন্য জীবন দিয়েছেন। মহান আল্লাহর দরবারে তাদের মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করার দোয়া করি।”

 

তিনি আরও বলেন, “গত ৫৪ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই অন্ধকার অধ্যায় বিদায় নিতে শুরু করেছে, তবে কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি। ছাত্রশিবিরকে এখন দায়িত্ব নিতে হবে, যেন আর কখনো শিক্ষাঙ্গনে অস্ত্র, মাদক বা নারীদের নিয়ে বিশৃঙ্খলা না ঘটে।”

 

শিক্ষক-ছাত্র সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা চাই শিক্ষাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হোক পিতা-পুত্রের মতো। কোনো শিক্ষককে অপদস্ত করার ঘটনা আর বরদাশত করা হবে না।”

 

ডা. শফিকুর রহমান বলেন, “ছাত্রসমাজের কাঁধে শহীদদের রক্তের ঋণ এবং ১৮ কোটি মানুষের প্রত্যাশার বোঝা রয়েছে। ইনশাআল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একদিন বাংলাদেশেও ইনসাফের বিজয় হবে।”

 

তিনি আরও বলেন, “আল্লাহর কোরআন ও রাসুল (সা.)-এর সুন্নাহ ছাড়া কোথাও প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, ভবিষ্যতেও হবে না। আমরা একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। যারা দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, ন্যায়বিচার নিশ্চিত করবে, তারাই হবে ঐক্যবদ্ধ বাংলাদেশের রূপকার।”

প্রিন্ট করুন