প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ধর্ষণের পর পলাতক পরান, ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রভাবশালীদের

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের একটি গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক পরান (২০), একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকার বাড়ির আব্দুস সালামের ছেলে।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ওই রাতে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। ঘরে ফিরে আসার পরপরই আগে থেকে ওঁত পেতে থাকা পরান হঠাৎ ঘরে ঢুকে পড়ে এবং মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে পাশের কক্ষে থাকা তার দাদা ও স্বজনরা ছুটে এলে পরান পালিয়ে যায়।

 

ঘটনার পর থেকে কিশোরী মানসিকভাবে ভেঙে পড়েছে। আতঙ্কে সে বারবার কেঁপে উঠছে বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা অবিলম্বে অভিযুক্ত পরানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কারণ, এলাকার একটি প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসার চেষ্টা করছে এবং ভুক্তভোগী পরিবারকে মামলা না করতে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইনি পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না।

 

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত পরান এলাকা ছেড়ে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ও স্থানীয় তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

 

এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকারকর্মীরা দ্রুত বিচার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন