কুমিল্লা-০৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা। সদ্য অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন—এই আসনে প্রার্থী হতে হবে ত্যাগী নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে। হঠাৎ করে ভিন্ন আসনের একজনকে “অতিথির পাখি” হিসেবে এনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, মাহবুবুর রহমান দুলাল, শফিউল আলম রায়হান, মজিবুর রহমান কামাল, রিয়াজ খান রাজু, মনির হোসেন পারভেজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে কুমিল্লা-০৬ আসনের নেতাকর্মীরা জেল-জুলুম, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এই দীর্ঘ সময়ে হাজী ইয়াছিন ছিলেন তাদের একমাত্র ভরসা। তিনি জামিন, চিকিৎসা, আইনি সহায়তা, পরিবারগুলোর ভরণপোষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশে থেকেছেন। দলের দুঃসময়ে তিনি কখনো পিছু হটেননি।
তারা আরও বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি, পরে জাতীয় পার্টি হয়ে বিএনপিতে যোগ দেওয়া একজনকে কুমিল্লা-০৬ আসনে প্রার্থী করা হলে তা তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। এই আসনে প্রার্থী হবেন হয় হাজী ইয়াছিন, নয়তো দেশনায়ক তারেক রহমান—এটাই তৃণমূলের বার্তা।
সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, তাঁতী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাজী ইয়াছিন কখনো চাঁদাবাজি বা ঠিকাদারিতে জড়াননি। বরং নিজের উপার্জিত অর্থ দিয়ে আন্দোলন-সংগ্রামের ব্যানার, পোস্টার, সভা-সমাবেশের খরচ বহন করেছেন।
তারা বলেন, “আমরা ১৭ বছর মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। কুমিল্লা-০৬ আসনে আমাদের একটাই দাবি—হাজী ইয়াছিনকেই প্রার্থী করতে হবে। তৃণমূলের এই বার্তা যেন দলীয় হাইকমান্ড বিবেচনায় নেয়।”

নিজস্ব প্রতিবেদক :