প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ট্রেইল রেসে নতুন অধ্যায়, শুরু কুমিল্লা থেকে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের বাইকার সংস্কৃতিতে যুক্ত হলো নতুন এক অধ্যায়—ট্রেইল রেস। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কুমিল্লার লালমাই পাহাড়ে অনুষ্ঠিত হলো ট্র্যাক ট্রেইল রেস, যেখানে অংশ নিয়েছেন দেশের ৬৪ জেলা ও বিদেশ থেকে আগত সহস্রাধিক বাইকার।

 

২৫ ও ২৬ ডিসেম্বর, দুই দিনব্যাপী এই আয়োজনটি হয় লালমাই পাহাড়ের ল্যাকল্যান্ডে, যেখানে আঁকাবাঁকা খাড়া পাহাড়ি পথে ডার্ট ও কমিউটার বাইকে রোমাঞ্চকর রেসে অংশ নেন প্রায় ৭০ জন পেশাদার বাইকার।

 

ফিউরিয়াস মটো ক্লাবের উদ্যোগে আয়োজিত বাইকার্স মেগা ক্যাম্পিং সিজন-১০ ছিল শুধুই রেস নয়, বরং একটি পূর্ণাঙ্গ বাইকার উৎসব। বাইকাররা তাবুতে রাত কাটিয়ে অংশ নেন সাংস্কৃতিক অনুষ্ঠানে, অভিজ্ঞতা বিনিময় করেন একে অপরের সঙ্গে।

 

ফিউরিয়াস মটো ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মালেক খসরু উষা জানান, “এটি আমাদের দশম আয়োজন। এবারই প্রথম এত বড় পরিসরে ট্রেইল রেস হলো, যেখানে বিদেশ থেকেও বাইকাররা অংশ নিয়েছেন।”

 

নোয়াখালীর বাইকার মাহির বলেন, “পার্শ্ববর্তী দেশগুলোতে ট্রেইল রেস পুরোদমে চলছে। এবার লালমাই পাহাড়ে আমাদের জন্য সুযোগ তৈরি হয়েছে।”

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাইকার ঋদ্ধি ও রায়হান বলেন, “এই একটি দিনের জন্য বাইকাররা সারা বছর অপেক্ষা করে। এমন মিলনমেলা আর কোথাও হয় না।”

 

মাউন্ট এভারেস্টের পাঁচটি ট্রেইল পাস করা বাইকার আরিফুর রহমান উজ্জ্বল বলেন, “এটি শুধু স্পোর্টস নয়, বরং নিরাপদ বাইক চালনার সচেতনতা ছড়িয়ে দিচ্ছে।”

 

এই আয়োজন শুধু একটি রেস নয়, বরং একটি আন্দোলন—নিরাপদ, সচেতন ও সংহত বাইকার কমিউনিটির জন্য এক অনন্য উদাহরণ।

প্রিন্ট করুন