জাল কাগজপত্র ব্যবহার করে একটি বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকার একটি মামলা দায়ের করেছে।
দুদকের উপপরিচালক আফরোজা হক খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার গ্রাহক প্রতিষ্ঠান মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড জাল কাগজপত্র ব্যবহার করে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. মনসুর আলী এবং সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদ এই প্রক্রিয়ায় সরাসরি সহযোগিতা করেছেন।
দুদকের তথ্যমতে, ব্যাংকের সাবেক এমডি এম এ ওয়াদুদ, ডিএমডি সৈয়দ রইস উদ্দিন, চৌধুরী মোসতাক আহমেদ, এ এস এম বুলবুল, সাবেক পরিচালক মনোয়ারা সিকদার এবং সাবেক সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হকসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এই অনিয়মে জড়িত ছিলেন।
দুদক জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জাকারিয়া তাহের সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক :