অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশেষে তার নির্বাচনী অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে তার নির্বাচনের কোনো পরিকল্পনা নেই। শনিবার (২৭ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, “আমার অজান্তেই কর্মী-সমর্থকরা ওই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি ওই আসন থেকে নির্বাচন করব না।”
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগরে আসিফ মাহমুদ সাংগঠনিকভাবে কোনো শক্ত ভিত্তি গড়ে তুলতে পারেননি। ফলে সেখানে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বাস্তবসম্মত নয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, “আসিফ মাহমুদ নিজেই আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে মনোনয়ন ফরম সংগ্রহের কথা বলেন। আমরা সে অনুযায়ী ফরম সংগ্রহ করি। এখন দেখি তিনি ১০০ কিলোমিটার গতিতে ইউটার্ন নিয়েছেন। এখানে আমাদের কিছু করার নেই।”
এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “আমার কর্মী-সমর্থকরা আবেগে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখানে আমার সম্মতি ছিল না। এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি, কিন্তু আমি ঢাকা-১০ থেকেই প্রার্থী হচ্ছি।”
উল্লেখ্য, আসিফ মাহমুদের পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় হলেও তিনি সম্প্রতি ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটার হন। গত ১২ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন, ঢাকা-১০ আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এর আগে ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।
আসিফ মাহমুদ জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

অনলাইন ডেস্ক :