প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নির্বাচনের পর ঢাকায় সক্রিয় হবে পাকিস্তান

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২০২৫ সালে দেশটির কূটনৈতিক অগ্রযাত্রার একটি সারসংক্ষেপ তুলে ধরেছেন, যেখানে বাংলাদেশ প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। তিনি বলেছেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে—এটি একটি বড় অগ্রগতি।”

 

সম্প্রতি পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন-এ প্রকাশিত এক প্রতিবেদনে ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠক করেছি। সেখানে পাকিস্তানের প্রতি সদিচ্ছার স্পষ্ট ইঙ্গিত পেয়েছি।”

 

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর ইসলামাবাদ ঢাকার সঙ্গে আরও সক্রিয়ভাবে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাবে।”

২০১২ সালে হিনা রব্বানী খারের বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তৎকালীন ‘পাকিস্তান-বিরোধী’ সরকারের কারণে তখন কোনো গঠনমূলক আলোচনা হয়নি।”

 

ইসহাক দার জোর দিয়ে বলেন, “সংকটের সময় পাকিস্তানের কূটনীতি আমাদের সক্রিয় ভূমিকা দেখিয়েছে। এটি প্রমাণ করে, আমরা চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করতে পারি এবং নীতিনিষ্ঠভাবে জড়িত থেকে কার্যকর বার্তা পৌঁছে দিতে পারি।”

 

বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব ঘোচাতে সহায়ক হতে পারে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এটি একটি সম্ভাবনাময় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

প্রিন্ট করুন