ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের চলমান সমাবেশের পাশ থেকে সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তবে পরে জানা যায়, তার কাছে থাকা অস্ত্রটি ছিল একটি খেলনা পিস্তল, যা দেখতে অবিকল বাস্তব পিস্তলের মতো।
আটক হওয়া ব্যক্তির নাম মো. আরাফাত জামান (৩৯)। তিনি ঢাকার ধানমন্ডিতে বসবাস করেন এবং তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “সন্দেহভাজন যুবকের কাছে যে অস্ত্র পাওয়া গেছে সেটি খেলনা পিস্তল। তবে সেটি দেখতে একেবারে বাস্তব পিস্তলের মতো হওয়ায় তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “বর্তমানে ওই ব্যক্তি শাহবাগ থানার হেফাজতে রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের পর থেকেই ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিচারের দাবিতে রাজপথে সক্রিয়। তারা দাবি করছেন, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ইনকিলাব মঞ্চের চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. খুনি চক্রের বিচার ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা
২. বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল
৩. ভারত খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা
৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা
এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

অনলাইন ডেস্ক :