প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার বদরপুরে রেললাইন সংলগ্ন স্থানে আবারো লাশ উদ্ধার, চাঞ্চল্য

জিল্লুর কামাল

কুমিল্লার বদরপুর এলাকায় রেললাইন সংলগ্ন স্থান থেকে আবারো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. রুবেল হোসেন (৩০)। তিনি কুমিল্লা শহরের বিষ্ণুপুর দক্ষিণপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় আইনজীবী এডভোকেট জুয়েল হোসেনের ছোট ভাই।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার (গতকাল) বিকেলে মো. রুবেল হোসেন বদরপুরে তার বোনের বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় যোগাযোগ না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। আজ বৃহস্পতিবার বিকেলে বদরপুর রেললাইন সংলগ্ন একটি স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
মরদেহ উদ্ধারকালে রুবেল হোসেনের মাথায় গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে। এতে তার মৃত্যু নিয়ে রহস্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় কালিয়াজুরির আইনজীবী জাহিদের ভাই জামশেদের মরদেহ উদ্ধার হয়েছিল। পরপর দুটি ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন