কুমিল্লা-১, ২ ও ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ মোট তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটি, তথ্যের অসঙ্গতি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
তবে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেন, জামায়াতের মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা-২ আসনে বিএনপির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন এবং কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়ায় ইউসুফ হাকিম সোহেল বলেন, “ছোট একটি ত্রুটির কারণে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমরা দ্রুত তা সংশোধন করে আপিল করব।”
উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আজ শুক্রবার কুমিল্লার ১১টি আসনের মধ্যে ছয়টি আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটি আসনের যাচাই-বাছাই আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক :