কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া এলাকায় ফসলি জমি কেটে ড্রেজার মেশিন দিয়ে মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১ জানুয়ারি (বৃহস্পতিবার) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে পদুয়া খামাচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি কেটে মাটি বিক্রি করা হচ্ছে, যা আশপাশের বসবাসরত মানুষের জন্য হুমকি সৃষ্টি করছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারে মুচলেকা নেওয়া হয়। অভিযানে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপসমূহও ধ্বংস করা হয়।
এছাড়া, আরও কয়েকটি স্থানে অবৈধভাবে ড্রেজার পরিচালনার প্রমাণ মিললেও সংশ্লিষ্টদের অনুপস্থিতিতে পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান জানান, “অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।” অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি :