কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আমেরিকান তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার (২ জানুয়ারি) রাতে ডিবির উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন ও উপপরিদর্শক সঞ্জয় সিকদারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি থেকে একটি নতুন ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার জসিম উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক :