বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় গ্রেপ্তার দেখানো হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহাদীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই সদর থানার সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং মাহাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় বসে মাহাদী হাসান একটি উসকানিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি।’ এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এটিকে রাষ্ট্রবিরোধী ও সহিংস উস্কানি হিসেবে দেখছেন।
পুলিশ জানিয়েছে, মাহাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার বক্তব্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মাহাদীর বক্তব্যকে ‘প্রতীকী প্রতিবাদ’ হিসেবে ব্যাখ্যা করলেও, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে দেখছে।

অনলাইন ডেস্ক :