প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মোটরসাইকেলেই শেষযাত্রা গুলিতে ঝরল বিএনপি নেতার প্রাণ

অনলাইন ডেস্ক :

যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৩)। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নয়ন কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

 

নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানান, আলমগীর হোসেন বটতলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক বলেন, “নিহতের মাথার দুপাশে দুটি গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

 

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক জানান, “আমরা খবর পেয়েছি শংকরপুর ইসহক সড়কে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”

 

বিএনপির স্থানীয় নেতারা জানান, আলমগীর হোসেন শুধু ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদকই ছিলেন না, তিনি নগর বিএনপির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি জমি কেনাবেচার ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তার ছোটভাই কামরুজ্জামান ছিলেন তার ব্যবসায়িক অংশীদার।

 

স্থানীয়রা জানান, আলমগীর হোসেন একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। গরিব-দুঃখিদের পাশে দাঁড়ানোয় এলাকায় তার জনপ্রিয়তা ছিল। তার পরিবারের একাধিক সদস্য জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আলমগীর নিজে বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

 

এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বলছে, হত্যার পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রিন্ট করুন