প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ওসিকে হুঁশিয়ারি দিয়ে গ্রেপ্তার মাহদী হাসান জামিনে মুক্ত

অনলাইন ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটকের ১৫ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত। রোববার ৪ জানুয়ারি সকাল ১০টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

 

এর আগে শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার জেরে মাহদী হাসানকে থানায় নেওয়া হয়। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

 

মাহদী হাসানকে আটকের প্রতিবাদে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শতাধিক নেতা-কর্মী। তারা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান।

 

এদিকে মাহদী হাসান ও ওসি আবুল কালামের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, “জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন।”

 

তিনি আরও বলেন, “বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ওই জায়গা থেকে উনি কোন সাহসে বলেন—আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে। আমি স্ট্রিক্টলি এখানে আসছি। আমরা এতগুলা ছেলে ভাইসা আসছি নাকি?”

 

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম নেয়। অনেকেই মাহদী হাসানের বক্তব্যকে রাজনৈতিক সাহসিকতার নিদর্শন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে উদ্বেগজনক বলেও মন্তব্য করছেন।

 

আদালতের জামিন মঞ্জুরের পর মাহদী হাসানকে থানা থেকে মুক্তি দেওয়া হয়। তবে মামলাটি এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রিন্ট করুন