চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর ভিক্টোরিয়ান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বসন্তপুর পশ্চিম পাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি দেখতে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মোতাহের হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দক্ষিণ জেলা সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার গোলাম কিব্রিয়া মোল্লা, জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক আনিছুর রহমান, জামায়াতে ইসলামী নেতা শরীফ ফরায়জী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম ও রাশেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রবিউল, কাজী ফরিদ, আবুল হাসেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী নাজমুল হাসান হিমেল, রাশেদুল হাসান, তানবীর ভুইঁয়া ও আরও অনেকে।
হাড্ডাহাড্ডি ও উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় বাতিসা ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে ফুলমুড়ি ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আনিছুর রহমান, চৌদ্দগ্রাম সংবাদদাতা