প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ভুল তথ্যের নেপথ্যে কারা, প্রশ্ন তুললেন কামরুল হুদা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা সম্প্রতি কিছু প্রিন্ট ও অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে আখ্যায়িত করেছেন।

 

এক বিবৃতিতে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রকাশিত হয়েছে, তা একটি কল্পকাহিনীর চেয়ে বেশি কিছু নয়। এগুলোর কোনো ভিত্তি নেই এবং এগুলোর পেছনে রয়েছে একটি বিশেষ মহলের সুপরিকল্পিত ষড়যন্ত্র।”

 

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রামের মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছি। জনগণের ভালোবাসা ও আস্থাই আমার মূল শক্তি। নির্বাচনের প্রাক্কালে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।”

 

কামরুল হুদা অভিযোগ করেন, “যে অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয়েছে, তা একটি বিচারাধীন বিষয়। বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে সংবাদ প্রকাশ করা আইন ও নৈতিকতার পরিপন্থী। আদালতের রায় না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা সংবিধান ও ন্যায়বিচারের পরিপন্থী।”

 

তিনি জোর দিয়ে বলেন, “আমি আমার হলফনামায় আইন অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে উল্লেখ করেছি। কোনো তথ্য গোপন করিনি। বরং আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

 

তিনি বলেন, “আমি আশা করবো সংবাদমাধ্যমগুলো কারো প্ররোচনায় প্ররোচিত না হয়ে সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করবে। আমি সাংবাদিকবান্ধব, সাংবাদিক আমার প্রতিপক্ষ নয়। বরং যারা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে, তাদের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করলে বহু অনিয়মের চিত্র উঠে আসবে।”

 

বিবৃতির শেষাংশে কামরুল হুদা বলেন, “আমি জনগণের রায়েই বিশ্বাস করি। চৌদ্দগ্রামের জনগণ জানেন, আমি কেমন মানুষ। তারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্যের জয় হবেই।”

প্রিন্ট করুন