রাজধানীর তেজতুরি বাজার এলাকায় গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরও একজন।
বুধবার রাত ৮টার কিছু পরে বসুন্ধরা মার্কেটের পেছনে স্টার কাবাবের পাশের গলিতে এই গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই অজ্ঞাতপরিচয় কয়েকজন বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
আহত আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই হত্যাকাণ্ড ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।

অনলাইন ডেস্ক :