প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা-৪ আসন দেবীদ্বারে ‘ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হয়নি’- ইঞ্জিঃ মঞ্জুরুল আহসান মুন্সী

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় কমিটির সদস্য ও সাবেক ৪ বারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেছেন, ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে যেসব খবর প্রচার হচ্ছে, তা সঠিক নয় বলে তিনি মন্তব্য করেছেন। এতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার মনোনয়নপত্র নিয়ে কোনো ধরনের জটিলতা হয়নি। এ নিয়ে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”
ভিডিও বার্তায় তিনি তার পক্ষের আইনজীবী সাইফুল্লাহ মামুনকে ফোনে যুক্ত করেন। আইনজীবী সাইফুল্লাহ মামুন জানান, ব্যক্তি হিসেবে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কোনো ঋণখেলাপি নন। তার মালিকানাধীন একটি কোম্পানির ঋণসংক্রান্ত বিষয়ে আদালতে একটি আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া আগের ‘স্টে অর্ডার’ চেম্বার আদালত সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে এর অর্থ এই নয় যে, মন্জু মুন্সীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে। তিনি আরও জানান, আগামী রোববার (১১ জানুয়ারি) এ বিষয়ে আপিল করা হবে।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, বিষয়টি আপিল বিভাগে নিষ্পত্তি হবে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর ‘মাম পাওয়ার লিমিটেড’-এর এমডি মঞ্জুরুল মুন্সীর কোম্পানির বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা ঋণসংক্রান্ত বিষয়ে হাইকোর্ট থেকে তিন মাসের জন্য খেলাপির তালিকা স্থগিত রাখার আদেশ দেওয়া হয়। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করেন।
এদিকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে চলমান আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা তুঙ্গে রয়েছে।

প্রিন্ট করুন