প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ঋণখেলাপি বিতর্কে মুন্সী, ভোটে থাকা নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক :

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ চেম্বার আদালত স্থগিত করায় তার প্রার্থিতা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

 

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

 

এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সী ও তার পরিচালিত প্রতিষ্ঠান ‘মাম পাওয়ার’-এর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে প্রিমিয়ার ব্যাংক এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে এবং তা গৃহীত হয়।

 

এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে জানান, “চেম্বার আদালতের এ আদেশের বিরুদ্ধে আমি আপিল করবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হবো।”

 

অপরদিকে, প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, “এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।”

 

জনপ্রিয় এই নেতার প্রার্থিতা ঝুলে যাওয়ায় কুমিল্লা-৪ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখন অপেক্ষা চূড়ান্ত শুনানির—যার ওপর নির্ভর করছে মুন্সীর নির্বাচনী মাঠে থাকার ভাগ্য।

প্রিন্ট করুন