প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন উত্তপ্ত পাঁচবিবি

অনলাইন ডেস্ক :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজার এলাকার ঢাকার পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের বাসিন্দা ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে সেই বিরোধের জেরে মোস্তফা ইয়ানুরকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়ানুরকে মৃত অবস্থায় পায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা অভিযুক্ত মোস্তফার বাড়ি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।

 

পাঁচবিবি থানার ডিউটি অফিসার এএসআই নুরুন নবী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।”

 

জেলা ও উপজেলা যুবদলের একাধিক নেতা জানিয়েছেন, নিহত ইয়ানুর রহমান স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রিন্ট করুন