কুমিল্লা টমছমব্রীজ-মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের ইপিজেড রোডে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট ও ভ্যানভিত্তিক কাঁচাবাজার। ফলে টমছমব্রীজ-বাখরাবাদ সড়কটি সংস্কার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঠিকাদার ও স্থানীয় জনসাধারণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত ও সংস্কারের উদ্যোগ নেয়। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হলেও ইপিজেড রোডের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান ও বাজারের কারণে বাকি কাজ থমকে আছে।
ঠিকাদার প্রতিষ্ঠান একাধিকবার দোকানদারদের নোটিশ দিলেও তারা কর্ণপাত করেনি। এমনকি গত সপ্তাহে সেনাবাহিনী গিয়ে উচ্ছেদের নির্দেশ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
ফলে ইপিজেড এলাকায় ছুটির দিনে যানজট নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এতে আমাদের বৈধ দোকানগুলো অন্ধকারে পড়ে গেছে, ব্যবসা মার খাচ্ছে।”
ঠিকাদার প্রতিষ্ঠানের এক সহযোগী জানান, “দোকানপাট না সরালে সড়কটি সোজা না হয়ে বাঁকা হয়ে যাবে, সরু হয়ে যাবে। এতে জনগণের ভোগান্তি আরও বাড়বে।”
অন্যদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক :