প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

শিদলাই বাজারে মধ্যরাতে আগুনের তাণ্ডব, ছাই চার দোকান

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই বাজারে শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের একটি দর্জি দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

 

প্রচণ্ড আগুনে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আরও দুটি দোকানের অধিকাংশ মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আগুনের তীব্রতায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

 

ব্রাহ্মণপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তারা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন