প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বুড়িচংয়ে নারকীয় হামলা অ’ন্তঃস’ত্ত্বা নারী খু-ন তিনজন হাসপাতালে

নাজমুল হাসান :

কুমিল্লার বুড়িচংয়ে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে ঘটে গেল নারকীয় হামলা। শিশুদের ব্যবহৃত পেম্পাস ফেলা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে অন্তঃসত্ত্বা এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

 

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় বুড়িচং পৌরসভার জগতপুর নাগরবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার (২৫) প্রয়াত জাহাঙ্গীর আলমের মেয়ে এবং দেবিদ্বার উপজেলার ছুটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী এবং অন্তঃসত্ত্বা ছিলেন।

 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, বাড়ির উঠোনে ব্যবহৃত পেম্পাস ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সাইদ সিয়ামের কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সিয়াম তার ৪-৫ জন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ হামলা চালায়।

 

এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন ফাহিমা। তার চিৎকারে এগিয়ে আসেন চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন ও বোনের জামাই শাহজালাল। হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে আহত করে।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ওসি লুৎফুর রহমান আরও জানান, “হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

প্রিন্ট করুন