কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কাজী নাজিয়া হক। সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও বাংলা বিভাগের প্রভাষক মীর মো. সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোছাম্মৎ মমতা আক্তার এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠান উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত হয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক অভিভাবক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজিয়া হক বলেন, “শুধু পাঠ্যপুস্তক নয়, ক্রীড়া ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের মেধা ও মননকে বিকশিত করে। দৈহিক ও আত্মিক সুস্থতার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য।”
অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, “অবসরে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির চর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন থাকতে হবে।”
এবারের আয়োজনে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স শাখার শিক্ষার্থীদের জন্য ৪৩টি ইভেন্টে মোট ১৬০টি পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে দেশাত্মবোধক গান, আবৃত্তি, পল্লীগীতি, লোকগীতি, আধুনিক গান, নজরুল ও রবীন্দ্র সংগীত, হামদ-নাত, নৃত্য ও যেমন খুশি তেমন সাজ।
শিক্ষকদের জন্য রয়েছে গোলক নিক্ষেপ, শিক্ষিকাদের জন্য পিলোপাসিং এবং কর্মচারীদের জন্য বাস্কেটবল প্রতিযোগিতা। এসব ইভেন্টে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হবে।
১১, ১২ ও ১৩ জানুয়ারি টানা তিন দিনব্যাপী চলবে এই ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব। ১৩ জানুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

নিজস্ব প্রতিবেদক :