আশি ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, বিটিভির নিয়মিত কণ্ঠশিল্পী এবং পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী (৬৬) কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে প্রলয় চাকীর পরিবার দাবি করেছে, কারা কর্তৃপক্ষের চরম অবহেলা ও বিনা চিকিৎসায় এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, প্রলয় চাকী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরও তাকে সিসিইউতে না রেখে সাধারণ প্রিজনার সেলে রাখা হয়। সেখানে তাকে দিয়ে হাঁটাচলা ও কাজ করানো হতো, যা তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায়।
তার ছেলে বলেন, “আমার বাবার মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষ দায়ী। তারা সময়মতো চিকিৎসা দেয়নি। আমরা এর বিচার চাই।”
জানা যায়, গত বছরের ১৬ ডিসেম্বর পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অথচ তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না।
পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক বলেন, “প্রলয় চাকী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার সকালে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।”
তিনি পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করেছি।”
প্রলয় চাকী আশি ও নব্বইয়ের দশকে বিটিভির ‘যদি কিছু মনে না করেন’, ‘ইত্যাদি’সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ছিলেন একজন খ্যাতিমান সংগীত পরিচালকও।
তার মৃত্যুতে পাবনার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অনলাইন ডেস্ক :