গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লায় অনুষ্ঠিত হলো দোয়া ও মোনাজাত।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই আয়োজনে নেতৃত্ব দেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
সোমবার (১১ জানুয়ারি) বাদ আছর নগরীর গর্জণখোলা মদিনাতুন জামে মসজিদে এবং বাদ মাগরিব আলিয়া মাদ্রাসা মসজিদে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী মানুষের সাহস ও সংগ্রামের প্রতীক। তিনি কখনো জুলুমের কাছে মাথানত করেননি। তাঁর ইস্পাত কঠিন নেতৃত্বই আমাদের অনুপ্রেরণা।”
গর্জণখোলা মসজিদে দোয়া শেষে মনিরুল হক চৌধুরী জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে স্থানীয় এলাকায় গণসংযোগ করেন।
দোয়া ও গণসংযোগে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক হানিফ মিয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নাজমুল হাসান :