প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

গরু ভাগাভাগি ও হজের টাকা নিয়ে ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু

নাজমুল হাসান :

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক সম্পত্তি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবার নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জীবদ্দশায় সুরুজ মিয়া তার তিন ছেলেকে জমি ও সম্পত্তি ভাগ করে দেন। তবে একটি শর্ত ছিল—বাবার হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ হবে। কিন্তু সোমবার বিকেলে হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নেন। এতে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

 

একপর্যায়ে উত্তেজিত হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর ঘাতক ছেলে পালিয়ে যায়।

 

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, “গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

 

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রিন্ট করুন