কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশের বুড়ির খাল থেকে অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে ছিল কালো রঙের গেঞ্জি। সুরতহাল রিপোর্টে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি আংশিক পচে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
অজ্ঞাত এই মৃত্যুকে ঘিরে এলাকায় চরম কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কে এই যুবক, কীভাবে তার মৃত্যু হলো, কেনই বা তার মরদেহ পড়ে ছিল বুড়ির খালে?।

নাজমুল হাসান :