প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

বুড়িচংয়ে মাদকের বড় চালানসহ আটক এক পাচারকারী

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৪৮৬ পিস ইয়াবা ও ৪৮ গ্রাম গুড়া ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজাপুর ইউনিয়নের চড়ানল-লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে বুড়িচং থানা পুলিশ।

 

অভিযানটি পরিচালনা করেন এএসআই মো. শাহপরান ও এসআই মো. জয়নুল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ দেখতে পায়, এক ব্যক্তি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন। সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

 

আটককৃত ব্যক্তি চড়ানল জমাদার বাড়ির বাসিন্দা মো. ইব্রাহিম আলী (৪৩)। পুলিশ জানায়, তিনি ভারত থেকে ইয়াবা সংগ্রহ করে পায়ে হেঁটে দেশে প্রবেশ করছিলেন এবং তা স্থানীয় সিন্ডিকেটের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইব্রাহিম দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এবং এই অবৈধ ব্যবসার মাধ্যমে নিজ এলাকায় একটি বিলাসবহুল বাড়িও নির্মাণ করেছেন। তার সঙ্গে একটি প্রভাবশালী সিন্ডিকেটের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, “ইব্রাহিম আলীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

 

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন