প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহে পুলিশের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে শতাধিক হামলাকারী পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় আরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। বর্তমানে রাসেল রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল মঙ্গলবার বিকেলে দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। কিন্তু থানায় আনার পথে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়।

 

আহত পাঁচ পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টহল দেন। পুলিশ ইতোমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে আরিফুলের বাবা সাগর আলীকে আটক করেছে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, “পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন। আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

প্রিন্ট করুন