প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

চান্দিনায় একরাতে দুই বাড়িতে মুখোশধারীদের ভয়াল ডাকাতি

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার চান্দিনায় এক রাতেই দুটি বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শুহিলপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

 

প্রথমে ডাকাতদল হানা দেয় মো. শফিক মিয়ার বাড়িতে। ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তারা বৃদ্ধ শফিক মিয়া ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। ঘরের আসবাবপত্র তছনছ করে তারা লুট করে নেয় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল।

 

এরপর একই গ্রামের মাওলানা নাছির উদ্দিনের বাড়িতে হামলা চালায় ডাকাতরা। সেখানেও পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে তারা লুট করে নেয় প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন।

 

ভুক্তভোগীরা জানান, ডাকাত দলের সদস্যরা সবাই মুখোশ পরিহিত ছিল এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। ফলে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

 

বশিকপুর গ্রামের ৬নং ওয়ার্ড সদস্য রফিক মিয়া ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “ডাকাতির খবর পেয়ে আমরা সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।”

 

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন