কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান ১২ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে জানান, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও হিসাব সহকারী বিল্লাল হোসেন অধ্যক্ষের কাছ থেকে জোর করে স্বাক্ষর আদায় করেছেন।
অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির কমিটি গঠনের নিয়ম অনুযায়ী অধ্যক্ষকে তিনজন প্রার্থীর নাম প্রস্তাব করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসনে আবেদন করতে হয়। কিন্তু কোনো পরামর্শ ছাড়াই বিল্লাল হোসেন তার ছোট ভাই শাহরিয়ার হোসেন লিমনের নাম দিয়ে আবেদন তৈরি করে অধ্যক্ষ পিজিউল আলমকে স্বাক্ষর করতে বাধ্য করেন। শাহরিয়ার কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীনের পিএস।
অধ্যক্ষ পিজিউল আলম স্বীকার করেন, তাকে স্বাক্ষর করতে বলা হয়েছিল এবং তিনি তা করেছেন। তবে কার নাম প্রস্তাব করা হয়েছে তা তিনি জানেন না বলে জানান। স্থানীয় অভিভাবক ও সাবেক সদস্যরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি বিল্লাল হোসেনের প্রভাবের বাইরে নয়। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
সাবেক সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ বলেন, “বিল্লাল হোসেন তার ভাইকে সভাপতি বানাতে দলীয় প্রভাব খাটাচ্ছেন। এলাকাবাসী ও অভিভাবকরা কিছুই জানেন না।”
অন্যদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই আবেদন করা হয়েছে, জোর করে কিছুই হয়নি।
বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির বলেন, “এমন কিছু হওয়ার কথা নয়, আমি অবগত নই।”
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, “অধ্যক্ষ যদি জোরপূর্বক স্বাক্ষর দিতে বাধ্য হন, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক :