প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

দেবিদ্বারে রুবেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত আসামি ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিকেলে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

 

গ্রেপ্তারকৃত হাজী জালাল উদ্দিন ভূঁইয়া মৃত আব্দুল হামিদ ভূঁইয়ার ছেলে এবং সাবেক এমপি আবুল কালাম আজাদের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দেবিদ্বারে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল। এ ঘটনায় নিহতের মা হোসনেয়ারা বেগম দেবিদ্বার থানায় এবং বিএনপি নেতা আবুল কাশেম কুমিল্লা আদালতে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। উভয় মামলায় হাজী জালাল উদ্দিন ভূঁইয়া এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি।

 

এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত আরও একাধিক হামলা ও সহিংসতার মামলায়ও তিনি আসামি বলে জানিয়েছে পুলিশ। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

প্রিন্ট করুন