কুমিল্লায় গ্রাহকের কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা উপস্থাপন করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
কুমিল্লা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ জানান, শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা রয়েছে। চৌদ্দগ্রাম থানা পুলিশের অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, আইসিএল কর্তৃপক্ষ আমানত ফেরতের নামে ভুয়া রশিদ ও সমন্বয় কাগজপত্র তৈরি করে প্রতারণা করেছে। অধিকাংশ গ্রাহকই কোনো অর্থ ফেরত পাননি। ফলে ক্ষুব্ধ হয়ে চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। কেউ কেউ উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনসহ একাধিক সংস্থা প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
গ্রাহকরা দ্রুত অর্থ ফেরতের কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক :