কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ)-এর স্মরণে ১০ম বাৎসরিক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৭টায় কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের ২য় মুরাদপুর এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
পানুয়া দরবার শরীফের মুরিদান মোঃ শাহজাহানের ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘ বছর ধরে নিয়মিতভাবে এ মাহফিলের আয়োজন করা হচ্ছে। ধারাবাহিকতার অংশ হিসেবে এ বছরও অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলের শুরুতে জিকির-আজগান ও পবিত্র দোয়ার মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত ও মুরিদানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজক মোঃ শাহজাহান বলেন,
“আমি প্রতি বছর এই দিনে নিজ উদ্যোগে খাজা বাবা হযরত মঈনুদ্দিন চিশতী (রঃ)-এর শানে এ মাহফিলের আয়োজন করে থাকি। তাঁর আদর্শ ও মানবতার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক