গত ১৬ জানুয়ারি শুক্রবার কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “সঞ্চারণ” তাদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
অনুষ্ঠানে সঞ্চারণের সদস্য, স্বেচ্ছাসেবী রক্তদাতা, শুভানুধ্যায়ী ও বিভিন্ন বন্ধুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিসহ দুই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে সংগঠনটির দীর্ঘ পথচলার কার্যক্রম, অর্জন ও সামাজিক অবদান তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল হাস্যরসপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। এছাড়াও আয়োজনের অংশ হিসেবে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ জনাব বদরুল হুদা জেনু, ডা. লিটন কুমার রায়, ডা. মিনহাজুর রহমান তারেক, ডা. ইসরাত জাহান এবং জনাব আল-আমিন। অতিথিরা সঞ্চারণের মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সঞ্চারণের ১৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রুহুল আমিন চৌধুরী সুমন