কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র টাউনহল মাঠে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সমন্বয়ককে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ভুক্তভোগী জান্নাতুল জান্নাত, যিনি সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক, জানান—সন্ধ্যায় তিনি টাউনহল মাঠে ফুচকা খেতে গেলে এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে শিস দেয়। এরপর সে তার কাছে এসে কানে কানে আপত্তিকর ভাষায় ‘হোটেলে যাবেন কি না’ বলে কুপ্রস্তাব দেয়। এমন অশালীন আচরণে ক্ষুব্ধ হয়ে জান্নাত পায়ে থাকা স্যান্ডেল দিয়ে যুবককে প্রতিহত করেন।
তার চিৎকারে আশপাশের সাধারণ মানুষ ও সহকর্মীরা ছুটে এসে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। আটক যুবকের নাম আজহারুল ইসলাম আজহার (২৬), বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আকানিয়া গ্রামে। তিনি মিজানুর রহমানের ছেলে।
এ বিষয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রাকিবুল ইসলাম জানান, তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে অবস্থান করছেন। তবে টাউনহল মাঠে কুপ্রস্তাবের ঘটনায় একজন যুবক আটক হওয়ার খবর পেয়েছেন। ফাঁড়িতে গিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।

নিজস্ব প্রতিবেদক :