প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পুলিশের মুখে কুরুচি ওসির মুখে দায়সারা দুই কর্মকর্তার অপসারণে সোচ্চার সচেতন সমাজ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মুরাদনগর থানার দুই পুলিশ কর্মকর্তার আচরণ ঘিরে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও জনরোষের সৃষ্টি হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিন কাদের খাঁনের একটি কুরুচিপূর্ণ কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যায়, তিনি সরকারি অফিসে বসে এক সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়েও অবমাননাকর মন্তব্য করছেন।

 

এই ঘটনায় যখন জনমনে ক্ষোভ তুঙ্গে, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খানের দায়সারা মন্তব্য—“বিষয়টি অফিসিয়াল নয়, কথার ফাঁকে উত্তেজনাবশতঃ বলে ফেলেছে”—সচেতন মহলের কাছে আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, ওসি’র এমন অবস্থান আসলে ওসি (তদন্ত) এর প্রতি এক ধরনের প্রশ্রয়, যা প্রকারান্তরে এই অশালীন আচরণকে বৈধতা দিচ্ছে।

 

সচেতন নাগরিক সমাজ বলছে, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন কুরুচিপূর্ণ আচরণ এবং আরেকজন কর্মকর্তার পক্ষপাতমূলক অবস্থান পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। তারা বলছেন, এই দুই কর্মকর্তার কেউই দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা রাখেন না।

 

জনআস্থা পুনরুদ্ধার এবং বাহিনীর ভাবমূর্তি রক্ষায় অভিযুক্ত দুই কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা মনে করেন, পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান শুরু না হলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে।

 

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ পরিদর্শক মো. আমিন কাদের খাঁনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন (০১৩২০-১১৪২৫৭) বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রিন্ট করুন