প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

তারেকের নির্দেশে ঐক্যবদ্ধ মনিরুল-ইয়াছিন

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘদিনের রাজনৈতিক দ্বিধা ও বিভক্তির অবসান ঘটিয়ে কুমিল্লা সদর আসনে বিএনপির দুই আলোচিত নেতা মনিরুল হক চৌধুরী ও হাজী আমিন উর রশিদ ইয়াছিন একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিদ্রোহী প্রার্থী হাজী ইয়াছিন প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে শনিবার (১৭ জানুয়ারি) রাতে মনিরুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে মিলিত হন।

 

বৈঠকটি অনুষ্ঠিত হয় হাজী ইয়াছিনের আরকু ফ্যাক্টরিতে রাত সাড়ে ৯টার দিকে। সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

 

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলীয় সাংগঠনিক কাঠামো এবং কুমিল্লা সদর আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই নেতা। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “আজকের পর থেকে আর কোনো বিভক্তি থাকবে না। সবাই একসাথে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবে।”

 

মনিরুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, অন্যান্য আসনের মতো কুমিল্লা সদর আসনেও হাজী ইয়াছিন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী কার্যক্রম দলীয় কাঠামো অনুযায়ী পরিচালিত হবে।

 

দলের সিদ্ধান্ত অনুযায়ী, হাজী ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি সংসদীয় আসনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই ধারাবাহিকতায় তিনি সদর আসনেরও সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

 

এদিকে রবিবার দুপুরে হাজী ইয়াছিন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এবং তার সমর্থকদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাবেন।

প্রিন্ট করুন