প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

আদালত অবমাননা করে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবি, সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জমি অবৈধভাবে দখলের চেষ্টা, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে।

রবিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা নগরীর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সংলগ্ন টাইমস নিউজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে তাদের দখলীয় জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত বছরের ১১ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি জমিতে কাজ চলাকালে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেয়।

অভিযোগে বলা হয়, হামলার সময় নগরীর শাকতলা এলাকার নজরুল ইসলামের ছেলে সাইফুল, মৃত আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন (৪৮), বাবু ওরফে রানা (৪২), আজু (৪৫), সাদ্দাম (৩৪)সহ আরও কয়েকজন ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে আলী আক্কাস বলেন, “আমার দখলীয় জমিতে বিবাদীরা প্রায়ই ঝামেলা সৃষ্টি করে। জমির সকল বৈধ কাগজপত্র ও দলিল আমাদের রয়েছে। ১৯৯১ সালে তারা গোপনে তিনটি দলিল তৈরি করে। পরবর্তীতে নাটকীয়তার মাধ্যমে একটি দলিলের বিষয়ে সমাধান হলেও বাকি দুটি দলিল গোপন রেখে সুযোগ বুঝে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”

ভুক্তভোগী খোরশেদ আলম বলেন, “আমি অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম—এই বিষয়টিকে পুঁজি করে জাকির হোসেনের লোকজন আমার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় আমাদের পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। অথচ আমি কখনো কারও ক্ষতি করিনি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের জানমাল ও জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় সংবাদ সম্মেলনে শাহজাহান, মফিজুল ইসলাম, আব্দুর বারেকসহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট করুন