ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত মোঃ আবদুল গফুর ভুঁইয়া এবং বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী আর রইল না।
১৮ জানুয়ারি (রোববার) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানির শেষ দিনে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচন কমিশন জানায়, আবদুল গফুর ভুঁইয়া তার নির্বাচনি হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই বিষয়ে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। তবে শুনানির দিন গফুর ভুঁইয়ার পক্ষে কেউ উপস্থিত ছিলেন না।
অন্যদিকে, জেলা পর্যায়ে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে বাতিল হয় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র। তিনি আপিল করলেও সেটি নামঞ্জুর করে ইসি।
এই পরিস্থিতিতে কুমিল্লা-১০ আসনে বিএনপির হয়ে নির্বাচনে অংশগ্রহণের মতো কোনো বৈধ প্রার্থী অবশিষ্ট নেই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে আগের দিনগুলোর অপেক্ষমাণ আবেদনগুলোরও নিষ্পত্তি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত আপিলের সংখ্যা ছিল ৬৪৫টি। এর মধ্যে ৯ জানুয়ারি একদিনেই জমা পড়ে ১৭৬টি আপিল। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক :