ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও প্রার্থিতার বৈধতা নিয়ে দায়ের করা আপিল শুনানির নবম ও শেষ দিন আজ রবিবার (১৮ জানুয়ারি)। নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই শুনানিতে কুমিল্লার তিনজন হেভিওয়েট প্রার্থীসহ মোট চারজনের আপিলের নিষ্পত্তি হবে, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের শুনানিতে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত হেভিওয়েট প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতার বৈধতা নিয়ে করা আপিল অন্যতম আলোচিত বিষয়। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আপিল দায়ের করা হয়। গতকাল শনিবার এই আপিলের শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত না নিয়ে আজকের জন্য শুনানি ও রায়ের দিন নির্ধারণ করে।
এছাড়া, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া এবং একই আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতার বৈধতা নিয়েও আজ শুনানি অনুষ্ঠিত হবে। গফুর ভূঁইয়ার বিরুদ্ধে আপিল করেছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী।
এদিন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেমের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধেও আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “আজ শুনানির শেষ দিনে কুমিল্লার গুরুত্বপূর্ণ আসনের চারজন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এর মধ্যে কায়কোবাদের শুনানি গতকাল শুরু হলেও আইনজীবীদের হট্টগোলের কারণে আজ রায়ের দিন ধার্য করা হয়েছে।”
এই শুনানার ফলাফল কুমিল্লার রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিজস্ব প্রতিবেদক :