প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ ছিনতাই : র‍্যাবের অভিযানে উদ্ধার টাকাসহ আসামি

নিজস্ব প্রতিবেদক :

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার (১৮ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় ‘শ্রাবণ পরিবহন’ বাসে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮)। পথে বাস থেকে নামিয়ে তাদের চোখ বেঁধে লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে মারধর করা হয় এবং সঙ্গে থাকা ৮০ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে পটুয়াখালীর নলখোলা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি সোনার আংটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন