ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে বিএনপির ঐক্যবদ্ধ প্রচেষ্টার ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর বাদুরতলা শিশুমঙ্গল রোডে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের স্বার্থে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন বলেন, “দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনিরুল হক চৌধুরীসহ ধানের শীষ প্রতীকের ৬ প্রার্থীকে বিজয়ী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।” তিনি আরও জানান, দলের চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং দলের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবেন।
এদিন বিকেলে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী প্রবীণ রাজনীতিক মনিরুল হক চৌধুরী, যিনি বলেন, “আজ কুমিল্লা বিএনপির ঐক্যের নতুন ইতিহাস রচিত হলো। এই ঐক্য কুমিল্লার রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমান ও ড. ইউনূসের ঐতিহাসিক বৈঠকের প্রেক্ষাপটে বিএনপি আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ আসনের প্রার্থী মো. জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ।
এই ঐক্য কুমিল্লা দক্ষিণের রাজনীতিতে নতুন গতি আনবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

রুহুল আমিন চৌধুরী সুমন :