প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

আবারও হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ১৭ জানুয়ারির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করা হয়।

 

মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট হামিদুল মিসবাহ জানান, রিট আবেদনে ইসির সিদ্ধান্ত স্থগিতের আবেদন করা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত বহাল রাখার অনুরোধ জানানো হয়েছে।

 

এর আগে হাইকোর্ট মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থাকা ঋণখেলাপির তালিকা স্থগিত করে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে ৮ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে। পরবর্তীতে ১৪ জানুয়ারি চেম্বার আদালত সেই স্থগিতাদেশ বহাল রাখেন এবং হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

 

এদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ইসিতে আপিল করে অভিযোগ করেন, মুন্সী ঋণখেলাপির তথ্য গোপন করেছেন। শুনানি শেষে ১৭ জানুয়ারি ইসি তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। ফলে প্রার্থীতা ফিরে পেতে আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী।

প্রিন্ট করুন