কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকেলে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে তার মনোনয়ন বৈধতা নিয়ে আপিল করা হলে, সেখানে দ্বৈত নাগরিকত্ব ও মামলার তথ্য গোপনের অভিযোগ তোলা হয়।
আপিল শুনানিতে অনুপস্থিত ছিলেন গফুর ভূইয়া। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় গফুর ভূইয়া বলেন, “আমি সারেন্ডার করেছি, হাইকোর্টে সেটির ফয়সালা হবে।” তিনি আরও জানান, “আমার মামলার তথ্য এবং দ্বৈত নাগরিকত্বের বিষয়টি হলফনামায় উল্লেখ করিনি, এজন্যই সারেন্ডার করেছি। এখন হাইকোর্টে এর নিষ্পত্তি হবে।”
উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন আব্দুল গফুর ভূইয়া। একই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূইয়াও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে তার মনোনয়নপত্রও বাতিল করা হয়।
এই আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ইয়াছিন আরাফাত।

নিজস্ব প্রতিবেদক :