কুমিল্লার নাঙ্গলকোট থানার পুলিশের বিশেষ অভিযানে সুমন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার জোড্ডা বাজারের পশ্চিম পাশ থেকে ধাওয়া করে তাকে জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া ফকির মার্কেটের ইসমাঈলের দোকানের সামনে থেকে আটক করা হয়।
আটক সুমন মিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের সায়েদুল হকের ছেলে। তার দেহ তল্লাশি করে পুলিশ ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।
নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) শাহজালাল বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা প্রস্তুত।”

নিজস্ব প্রতিবেদক :